দেওয়ানবাগ শরীফ

সংক্ষিপ্ত জীবনী মোবারক

সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান

মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম—সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের জীবন ও অবদানের সংক্ষিপ্ত পরিচিতি।

জন্মদিন

শুভজন্মের পূর্বরাত্রির স্বপ্ন-স্মারক
শুভজন্মের পূর্বরাত্রির স্বপ্ন-স্মারক

সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান ২৭শে অগ্রহায়ণ, ১৩৫৬ বঙ্গাব্দ; ১৪ই ডিসেম্বর, ১৯৪৯ খ্রিষ্টাব্দ; বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) এবং তাঁর মাতার নাম হযরত সৈয়দা জোবেদা খাতুন (রহ.)। যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শুভজন্মের আগের রাতে তাঁর মহীয়সী মাতা স্বপ্নে দেখেন, “আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। আর উদিত ঈদের চাঁদ দেখে সকল মানুষ আনন্দ করছে। ঐ চাঁদ দেখার জন্য তিনি ঘর থেকে বের হয়ে এলেন, আর চাঁদটি আকাশ থেকে তাঁর কোলে নেমে এলো।” এ শুভ স্বপ্ন দেখে তিনি উপলব্ধি করতে পারলেন যে, মহান রাব্বুল আলামীন তাঁকে এক পুণ্যাত্মা সন্তান দান করতে চলেছেন। তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করলেন। অতঃপর বুধবার সকাল ১০ ঘটিকায় নবজাতক শিশু সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান মাতৃগর্ভ থেকে জগতের বুকে তশরিফ গ্রহণ করেন।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.)

পিতা মোবারক

হযরত সৈয়দা জোবেদা খাতুন (রহ.)

মাতা মোবারক

আকিকা ও নামকরণ

নবজাতক শিশুর বয়স ৭ দিন পূর্ণ হলে পিতা আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী পুত্রের জন্য আকিকার আয়োজন করেন। আকিকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন তৎকালীন বাংলা-ভারত উপমহাদেশের স্বনামধন্য আলেম, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম। আকিকার অনুষ্ঠানে পিতা আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) নবজাতক শিশুকে মাওলানা তাজুল ইসলামের কাছে নিয়ে আসলে তিনি নবজাতককে পরম মমতা ও ভালোবাসায় কোলে তুলে নেন এবং নবজাতকের চেহারা মোবারকে নুরের আভার আলোকরশ্মি দেখে অভিভূত হন এবং খুশি হয়ে নাম রাখেন- ‘মাহ্‌বুব-এ-খোদা’ অর্থাৎ ‘আল্লাহ্‌র প্রিয়’।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

মাওলানা তাজুল ইসলাম

মাওলানা তাজুল ইসলাম

ফখরে বাঙ্গাল · আকিকার প্রধান অতিথি

আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.)

পিতা মোবারক

বংশপরিচয়

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান-এর পূর্বপুরুষগণের বংশপরম্পরা অনুসন্ধান করে জানা যায়, তিনি কুলকায়েনাতের রহমত হযরত মোহাম্মদ (সা.)-এর আহলে বাইতের অন্যতম সদস্য, আমীরুল মু’মিনিন, শেরে খোদা হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজহাহু-এর সম্মানিত বংশধর। তাঁর পূর্বপুরুষগণ বংশপরম্পরায় মোহাম্মদী ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য সুদূর মদীনা শরীফ থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়েন এবং কাতার হয়ে বাংলাদেশে আগমন করেন। সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান শৈশবকাল থেকেই মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর প্রেমে দেওয়ানা ছিলেন। ফলে অলী-কুতুবগণ প্রায়শই ছদ্মবেশে তাঁর সাথে দেখা করতেন এবং তাঁকে কেন্দ্র করে নানাবিধ অলৌকিক ঘটনা সংঘটিত হতো।

শিক্ষাজীবন

তালশহর করিমিয়া আলীয়া মাদ্রাসা
তালশহর করিমিয়া আলীয়া মাদ্রাসা

যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান জন্মগতভাবেই এলমে ওহীর শিক্ষায় শিক্ষিত ছিলেন। তাঁর আচার-ব্যবহার, কথা-বার্তা, চাল-চলন সবকিছুতেই উত্তম শিষ্টাচার এবং হযরত রাসুল (সা.)-এর মহান আদর্শ প্রতিফলিত হতো। তিনি স্থানীয় গ্রাম সোহাগপুরের প্রাইমারি স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে হযরত রাসুল (সা.)-এর রেখে যাওয়া ইসলামি শিক্ষা লাভ করার জন্য ব্যাকুল-বেকারার হয়ে ওঠেন। একইভাবে তাঁর মনে সুপ্ত বাসনা জেগে ওঠে যে, তিনি নায়েবে রাসুল হয়ে হযরত রাসুল (সা.)-এর আলো দ্বারা নিজে আলোকিত হবেন এবং মানবজাতিকে আলোকিত করবেন। আর এ নায়েবে রাসুল হওয়ার অদম্য বাসনা নিয়ে তিনি তদানীন্তন সুপরিচিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘তালশহর করিমিয়া আলীয়া মাদ্রাসা’-তে ভর্তি হন। অসাধারণ মেধাবী ও কৃতী ছাত্র হিসেবে তিনি একাধিকবার ‘ডাবল প্রমোশন’ লাভ করে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করেন এবং উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি স্বীয় অতুলনীয় ব্যক্তিত্ব, উত্তম মানবিক গুণাবলি ও নেতৃত্ব প্রদানের অসাধারণ গুণে মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি’র পদ অলংকৃত করেন।

স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদান

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ

যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান ১৯৬৯ সালের স্বাধিকার আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের মাদ্রাসা, স্কুল ও কলেজের ছাত্র সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ২২ বছরের যুবক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের তত্ত্বাবধানে ছাত্র সংগ্রাম পরিষদের সকল সদস্য নিয়ে গঠন করা হয় স্বেচ্ছাসেবক দল। প্রাথমিকভাবে নবগঠিত এ স্বেচ্ছাসেবক দল সূফী সম্রাট হুজুর কেব্‌লাজানের নেতৃত্বে পাকহানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্নসংস্থান ও নিরাপত্তা প্রদান করে। অতঃপর ১১ই এপ্রিল, ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি তাঁর দলের বাহাত্তরজন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস তিনি প্লাটুন কমান্ডার হিসেবে ৩ নং সেক্টর ও ‘এস’ ফোর্সের প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ্‌র তত্ত্বাবধানে বিভিন্ন রণাঙ্গনে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পাশাপাশি তিনি ভারতের হেজামারায় অবস্থিত ৩ নং সেক্টর কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাগণের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় তিনি ভারতে দুটি মসজিদ প্রতিষ্ঠা করে নামাজ আদায়ের সুব্যবস্থা করেন এবং মুক্তিযুদ্ধে আল্লাহ্‌র সাহায্য লাভের পথ সুগম করেন।

যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯শে নভেম্বর, ১৯৭১ খ্রিষ্টাব্দে হেজামারা ক্যাম্পে উদ্যাপিত ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি সমবেত মুক্তিযোদ্ধাগণকে উদ্দেশ করে ভবিষ্যদ্বাণী করেন—

“আল্লাহ্‌র কসম! আগামী ঈদুল আজহার আগে দেশ স্বাধীন হবে এবং আমি ঢাকার রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে আপনাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করব।”

মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় সূফী সম্রাটের এ ঘোষণার মাত্র ২৬ দিন পর ১৬ই ডিসেম্বর, ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। অতঃপর যথার্থই তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

মেজর জেনারেল কে এম সফিউল্লাহ

৩ নং সেক্টর ও ‘এস’ ফোর্সের প্রধান

কর্মজীবন

সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান
সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান

দেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান নবগঠিত ১৬ নং বেঙ্গল রেজিমেন্টের ধর্মীয় শিক্ষক পদে ১৯৭২ খ্রিষ্টাব্দে যোগদান করেন। তদানীন্তন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালনকারী আলেমগণের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। এর পাশাপাশি তিনি ধর্মীয় বিষয়ে উচ্চতর গবেষণায় আত্মনিয়োগ করেন। তিনি কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসে অপরিসীম বুৎপত্তি যেমন অর্জন করেন, তেমনি তাফসীর মাহফিলে নিয়মিত আলোচনা করে মুফাস্সিরে কুরআন হিসেবে বিশেষ খ্যাতি অর্র্জন করেন।

মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর পরিচয় লাভ

চন্দ্রপাড়া পাক দরবার শরীফে মুর্শেদের সোহবত
চন্দ্রপাড়া পাক দরবার শরীফে মুর্শেদের সোহবত

বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালনকালীন সময়ে ১৯৭৪ খ্রিষ্টাব্দে সূফী সম্রাট জয়দেবপুরের শহর কুতুবের কাছ থেকে একটি অলৌকিক ঘটনার মধ্য দিয়ে জামানার মোজাদ্দেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর পরিচয় লাভ করেন এবং তাঁর কাছে বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সূফী সম্রাট বাৎসরিক উরস মোবারকে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফরিদপুরের চন্দ্রপাড়ায় তাঁর মুর্শেদের দরবার শরীফে যখন উপস্থিত হন, তখন ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) প্রথম দর্শনেই তাঁকে স্বীয় উত্তরসূরিরূপে চিহ্নিত করেন। পরবর্তীতে ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.) সূফী সম্রাটকে কাছে রাখার অভিপ্রায়ে স্বীয় চতুর্থ কন্যা সৈয়দা হামিদা বেগম (রহ.)-কে তাঁর সাথে বিবাহ দেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সূফী সম্রাট তাঁর মুর্শেদের নির্দেশে সেনাবাহিনীর চাকরিতে ইস্তফা দিয়ে ফরিদপুরের সদরপুরে অবস্থিত চন্দ্রপাড়া পাক দরবার শরীফে গমন করেন। এসময় আপন মুর্শেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) সূফী সম্রাটকে স্বীয় প্রধান খলীফা নিযুক্ত করেন এবং তরীকা ও দরবার শরীফ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন। শুরু হয় আপন মুর্শেদের একান্ত সান্নিধ্যে থেকে সাধনা-রিয়াজত। এসময় সূফী সম্রাট নিরবচ্ছিন্ন ইবাদত-বন্দেগীর মাধ্যমে গভীর সাধনায় আত্মনিয়োগ করেন এবং আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন। তখনকার ঘটনা বর্ণনা করতে গিয়ে সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান নিজেই বলেন—

“বাইয়াত গ্রহণ করার পর ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.) তাঁর দরবার শরীফ পরিচালনার শর্তে তাঁরই চতুর্থ কন্যা আওলাদে রাসুল, কুতুবুল আকতাব, দুররে মাকনূন, খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগমকে আমার নিকট বিবাহ দেন। কুতুবুল আকতাবকে বিবাহ করার সুবাদে মুর্শেদের সাহচর্যে থেকে এক যুগ গোলামি করার সুযোগ পেলাম। তখন আমি মুর্শেদের পরিচয় খুঁজে বের করার জন্য আত্মনিয়োগ করি। আর মুর্শেদের পরিচয় খুঁজতে গিয়ে রাহমাতুল্লিল আলামীন হযরত রাসুল (সা.)-এর সাথে আমার পরিচয় হয়। অতঃপর হযরত রাসুল (সা.)-এর পরিচয় খুঁজতে গিয়ে আমি আমার মহান মালিক আল্লাহ্ রাব্বুল আলামীনের পরিচয় লাভ করি।”

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রধান খলীফা ও ওলামা মিশনের প্রধান আলেম হিসেবে তরীকা প্রচারের উদ্দেশ্যে সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য ওয়াজ-মাহফিল করেন। এ সকল মাহফিলে নানা অলৌকিক কারামত সংঘটিত হতো। তাঁর বক্তব্য শুনে মাহফিলে উপস্থিত অগণিত শ্রোতা মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর প্রেমে অঝোরে কাঁদতে থাকত এবং তরীকা গ্রহণ করত। এমনকি বহু অমুসলিম তাঁর পবিত্র সোহবতে এসে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)

ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)

জামানার মোজাদ্দেদ · মুর্শেদ কেবলা

সৈয়দা হামিদা বেগম (রহ.)

কুতুবুল আকতাব · খাতুনে জান্নাত

আধ্যাত্মিক লকবে ভূষিত

হাদীস শরীফে বর্ণিত হয়েছে, হযরত রাসুল (সা.) ফরমান—

“নিশ্চয়ই মহান ও মহিমান্বিত আল্লাহ্ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এমন এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি তাদের ধর্মকে সংস্কার করে সজীব ও সতেজ করবেন।”
(আবু দাঊদ শরীফ-এর সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৩৬)

হাদীসে ঘোষিত মহান আল্লাহ্‌র প্রেরিত মোজাদ্দেদ বা মহান সংস্কারক হলেন- সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান। তিনি ১৬ই ডিসেম্বর, ১৯৮৩ খ্রিষ্টাব্দে মহান রাব্বুল আলামীনের কাছ থেকে জামানার মোজাদ্দেদ বা মহান সংস্কারকের এ সুমহান দায়িত্বভার লাভ করেন।

হযরত রাসুল (সা.) আরো ফরমান—

“যে ব্যক্তি তার জামানার ইমামকে চিনতে পারে না এবং এ অবস্থায় যদি মৃত্যু ঘটে, তবে তার মৃত্যু অন্ধকারে নিমজ্জিত ও নিপতিত হবে।”
(মুসনাদে ইমাম সাদেক, খণ্ড-২, পৃষ্ঠা ৫১৯ ও ৫৩৩)

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান ২৪শে আগস্ট, ১৯৮৮ খ্রিষ্টাব্দে যুগের ইমামের দায়িত্বভার লাভ করেন।

কুলকায়েনাতের রহমত হযরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া শান্তির ধর্ম মোহাম্মদী ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ জগতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ৫ই এপ্রিল, ১৯৮৯ খ্রিষ্টাব্দে হযরত রাসুল (সা.) নিজেই যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে ‘মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী’ খেতাবে ভূষিত করেন। এরই ধারাবাহিকতায় ২রা অক্টোবর, ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি সকল ধর্মাবলম্বীর পথপ্রদর্শক হিসেবে মুসলিম জাতির আদিপিতা হযরত ইব্রাহীম খলীলুল্লাহ্ (আ.) কর্তৃক আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েতপ্রাপ্ত হন।

পরিশেষে, মহান আল্লাহ্‌র জাত-পাকের স্বরূপ মানবজাতির কাছে প্রকাশ করার লক্ষ্যে এ মহামানবের অক্লান্ত পরিশ্রম ও নিরলস সাধনার স্বীকৃতিস্বরূপ বিগত ১০ই অক্টোবর, ২০০৮ খ্রিষ্টাব্দে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শাওয়াল মাসের পূর্ণিমার চাঁদের মাঝে মহান আল্লাহ্ সূফী সম্রাটের নূরময় চেহারা মোবারক প্রদর্শন করেন। মহাকালের মহাবিস্ময়কর এ অলৌকিক কারামত সংঘটিত করে মহান আল্লাহ্ নিজেই তাঁর বন্ধুর সত্যতা প্রমাণ করে দেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনে অবদান

সমাজ ও ধর্ম সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে মানবকল্যাণে অগণিত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আপন মুর্শেদ ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.)-এর সোহবতে থাকাকালীন ফরিদপুরের চন্দ্রপাড়ায় ১৯৮০ খ্রিষ্টাব্দে একটি মাদ্রাসা ও একটি এতিমখানা এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে একটি হাই স্কুল, একটি হাসপাতাল ও একটি ডাকঘর প্রতিষ্ঠা করেন। একই বছরে তিনি চন্দ্রপাড়ায় মানুষের যাতায়াতের সুবিধার্থে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে সেখানে বিদ্যুদায়নের ব্যবস্থা করেন। তিনি তাসাউফের উচ্চতর গবেষণার লক্ষ্যে ঢাকায় ১৯৮৩ খ্রিষ্টাব্দে সুলতানিয়া-মোজাদ্দেদীয়া গবেষণাগার, ১৯৯২ খ্রিষ্টাব্দে সূফী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে আল কুরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অতঃপর তিনি মুফাস্সিরে কুরআন, মুহাদ্দিস, মুফতি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইসলামি রিসার্চ স্কলারদের সমন্বয়ে পবিত্র কুরআন গবেষণা কেন্দ্রের কার্যক্রম চালু করেন এবং একের পর এক যুগান্তকারী ধর্মীয় কিতাবসমূহ প্রণয়ন করে মোহাম্মদী ইসলামের স্বরূপ উন্মোচন করেন।

তাসাউফ তথা সূফীবাদ নির্ভর মোহাম্মদী ইসলামের সুমহান আদর্শ বিশ্বময় প্রচারের সুবিধার্থে যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান ‘দেওয়ানবাগ শরীফ’ নামে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে তিনি রাজধানী ঢাকার ১৫৪ আরামবাগে দরবার শরীফের অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোহাম্মদী ইসলামের প্রচার-প্রচারণা শুরু করেন। অতঃপর ঐ বছরই তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন দেওয়ানবাগ গ্রামে ‘বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ’ নামে স্থায়ী দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় তিনি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক দরবার শরীফ প্রতিষ্ঠা করে মোহাম্মদী ইসলাম প্রচার-প্রসারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে ধর্মপ্রচারে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেন। তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের কমলাপুরে ‘বাবে মদীনা’; ১৯৯২ খ্রিষ্টাব্দে ঢাকার আরামবাগে ‘বাবে রহমত’; ১৯৯৫ খ্রিষ্টাব্দে রংপুরে ‘বাবে নাজাত’; ১৯৯৮ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের ত্রিশালে ‘বাবে বরকত’ প্রতিষ্ঠা করেন। অতঃপর ক্রমবর্ধমান আশেকে রাসুলগণের জোয়ারের সাথে সংগতি বজায় রেখে ২০০৬ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গায় ‘বাবে নিয়ামত’; ২০০৮ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাবে মোর্শেদ’; ২০০৯ খ্রিষ্টাব্দে ঢাকার মগবাজারে ‘বাবে ফেরদৌস’; ২০১০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে ‘বাবে মাগফিরাত’, গাজীপুরে ‘বাবে জান্নাতুল মাওয়া’ এবং ২০১১ খ্রিষ্টাব্দে রাজশাহীতে ‘বাবে নূর’ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। তিনি সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জাপান, যুক্তরাজ্য, সুইডেন, ইতালি, গ্রিস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র-সহ পৃথিবীর প্রায় শতাধিক দেশে এবং বাংলাদেশের প্রায় সকল জেলায় শত শত খানকায়ে মাহ্বুবীয়া ও আশেকে রাসুল জাকের মজলিস প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ন্যায় বহির্বিশ্বে মোহাম্মদী ইসলামের সুমহান শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠন করেন- ‘ওয়ার্ল্ড আশেকে রাসুল অর্গানাইজেশন’ (World Ashek-E-Rasul Organization)।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)

ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)

জামানার মোজাদ্দেদ · মুর্শেদ কেবলা

মোহাম্মদী ইসলামে প্রাণসঞ্চার

সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান তাসাউফ তথা সূফীবাদ সাধনায় যুগোপযোগী সংস্কার সাধন করে আপন মুর্শেদের নামানুসারে ‘সুলতানিয়া-মোজাদ্দেদীয়া তরীকা’ প্রবর্তন করেন। তাঁর প্রচেষ্টায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইসলামি শিক্ষা বিষয়ে এলমে তাসাউফ অন্তর্ভুক্ত করা হয়। তিনি বাংলাদেশে পরপর ৯টি ‘বিশ্ব সূফী সম্মেলন’ এবং পরবর্তীকালে প্রতি বছর ‘বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন’ আয়োজনের মধ্য দিয়ে দেওয়ানবাগ শরীফকে দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দরবার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন।

তিরোধান

তিরোধান ও রওজা শরীফ
তিরোধান ও রওজা শরীফ

সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের সুদীর্ঘ ৭১ বছরের হায়াতে তাইয়্যেবায় তিনি হেরাগুহা থেকে উৎসারিত মোহাম্মদী ইসলামের আলো দ্বারা কোটি কোটি মানুষের হৃদয়কে আলোকিত করে আশেকে রাসুল হিসেবে তৈরি করেন। তাঁর শিক্ষা অর্জন করে অগণিত মানুষ স্বপ্ন ও মোরাকাবায় আল্লাহ্ ও হযরত রাসুল (সা.)-এর দীদার পেয়েছেন এবং আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর সাথে যোগাযোগ করে ব্যক্তিজীবনে ধর্ম চর্চা করার সৌভাগ্য লাভ করেছেন। ২০২০ সালের ২৮শে ডিসেম্বর, সোমবার এ মহাপুরুষ রাব্বুল আলামীন কর্তৃক প্রদত্ত দায়িত্বসমূহ সুসম্পন্ন করে মহান রবের সাথে মহামিলনে গমন করেন। এ মহাপুরুষের তিরোধানের সংবাদ দেশের গণমাধ্যমে প্রচারিত হয়। বাঙালি জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্‌বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ (Guard of Honour) প্রদান করা হয়। তাঁর জানাজায় দশ লক্ষাধিক আশেকে রাসুল জাকের এবং ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ইতিহাস সৃষ্টিকারী এ জানাজায় ইমামতি করেন হুজুর কেব্‌লাজানের জ্যেষ্ঠ সাহেবজাদা, দেওয়ানবাগ শরীফের পরিচালক ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. নূর-এ-খোদা আল আযহারী (রহ.) হুজুর। মোহাম্মদী ইসলামের চিরস্থায়ী মুর্শেদ সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে ২৯শে ডিসেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, বাদ জোহর, বাবে মদীনা কেন্দ্রীয় রওজা শরীফে রওজাস্থ করা হয়। এ মহামানবের ওফাত পরবর্তীতে তাঁর সম্মানিত সাহেবজাদা ও সাহেবজাদীগণ এবং তাঁর অনুসারী সম্মানিত আশেকে রাসুল ভাই ও বোনেরা মোহাম্মদী ইসলামের সুমহান আদর্শ বাস্তবজীবনে চর্চার পাশাপাশি হিদায়েতের এ আলোকরশ্মি দ্বারা জাতি ও জগদ্বাসীকে আলোকিত করার লক্ষ্যে রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এই অংশে উল্লিখিত ব্যক্তিবর্গ

ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. নূর-এ-খোদা আল আযহারী (রহ.)

জ্যেষ্ঠ সাহেবজাদা · জানাজার ইমাম

বিশিষ্ট ব্যক্তিবর্গের অভিমত

বাবাজানের জীবদ্দশায় তাঁর শিক্ষা, আদর্শ ও সংস্কারে অভিভূত হয়ে তৎকালীন আলেম-ওলামা, রাষ্ট্রনায়ক, খ্রিষ্টান ধর্মযাজকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে অভিমত দিয়েছিলেন—স্মরণিকা ও আল্লাহ্ কোন পথে বই মোবারক থেকে সংকলিত।

আলেম ওলামারাষ্ট্রনায়কখ্রিষ্টান ফাদারগবেষক
ইসলামি চিন্তাবিদ ও আলেম
“দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শিক্ষা ও সংস্কার মানবজাতির হৃদয়ে আল্লাহ্ ও রাসুল (সা.)-এর প্রেম জাগিয়ে তোলে। তাঁর আদর্শ যুগের জন্য এক আলোকবর্তিকা।”
ম

মাওলানা আবুল কালাম আজাদ

স্মরণিকা থেকে সংকলিত

মুফতি ও ওলামা পরিষদের সদস্য
“মোহাম্মদী ইসলামের যে স্বরূপ তিনি উন্মোচন করেছেন, তা তাসাউফ ও শরিয়তের সমন্বয়ে এক অনন্য পথনির্দেশ।”
ম

মুফতি মুহাম্মদ আবদুর রহমান

স্মরণিকা · আলেম ওলামার অভিমত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
“তাঁর মানবসেবা, শিক্ষা ও নৈতিক সংস্কারের কাজ জাতির জন্য অনুকরণীয়। আধ্যাত্মিক নেতৃত্ব ও দেশপ্রেম একসাথে দেখা যায় তাঁর জীবনে।”
র

রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আল্লাহ্ কোন পথে বই মোবারক / স্মরণিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
“ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক জাগরণে তাঁর অবদান স্মরণীয়। তাঁর আদর্শ শান্তি ও মানবকল্যাণের পথে আলো ছড়ায়।”
র

রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ

স্মরণিকা থেকে সংকলিত

খ্রিষ্টান ধর্মযাজক
“আমি তাঁর মানবিকতা, সহনশীলতা ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব দেখে অভিভূত। সত্যিকার আধ্যাত্মিক নেতা সব মানুষের কল্যাণ চান।”
ফ

ফাদার রিচার্ড উইলিয়ামস

আল্লাহ্ কোন পথে বই মোবারক

ইসলামি গবেষক ও শিক্ষাবিদ
“তাঁর রচিত কিতাবসমূহ ও গবেষণা কেন্দ্রের কাজ আধুনিক যুগে তাসাউফ চর্চাকে এক নতুন মাত্রা দিয়েছে।”
প

প্রফেসর ড. আবদুল্লাহ আল-মামুন

স্মরণিকা · বিশিষ্ট ব্যক্তিবর্গের অভিমত